Last Updated on 2 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৃহস্পতিবার (১৫ অক্টোম্বর) সদ্য ডেইলি স্টারকে জানায়, বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ বিষয়ে কিছু জানায়নি।
এক হোয়াটসঅ্যাপ বার্তায় আরও জানানো হয়, এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।
তাদের পরিচয় জানিয়ে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিবৃতিটি প্রকাশ করেছে।
এতে বলা হয়, সৌদি নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
অপরাধের গুরুত্ব এবং স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামি আইনের ‘তাজির’ ধারায় এ সাজা দেওয়া হয় বলে জানায় দেশটি।
তাজির হলো ইসলামি আইনে বিচারকের বিবেচনাধীন শাস্তি। রায়ের পর রাজকীয় আদেশের মাধ্যমে সাজা কার্যকর করতে বলা হয় বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে।
তবে ঠিক কী ধরনের অপরাধের জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মক্কার কোন মসজিদে ঘটনাটি ঘটেছিল কিংবা কখন তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

