Last Updated on 6 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পর এবার মাঠের আচরণের কারণে শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।
আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় হৃদয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন এ ঘটনা ঘটে। সেদিন দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়। তবে দিনের শেষ ওভারের শেষ বলে মার্কো ইয়ানসেনের নিচু ফুলটসে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
হৃদয় আউট হওয়ার পরপরই আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিন্তু তাঁদের এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না বাংলাদেশের এই ব্যাটসম্যান। তাঁর ধারণা ছিল, আলো কমে আসায় আরও আগেই খেলা বন্ধ করা প্রয়োজন ছিল।
পরে ড্রেসিংরুমের বারান্দার কাছে আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের সঙ্গে কথা বলার সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন হৃদয়।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ওই সময় তাঁর আচরণ আক্রমণাত্মক ও অশোভন ছিল।
নিজের আচরণের দায় স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


