সময়ের জনমাধ্যম

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র বৈঠক

ছবি : সংগৃহীত

Last Updated on 2 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন।

সোমবার কালো রঙের একটি গাড়িতে করে প্রথমে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ে পৌঁছান। পরে সেখানে যান আকরাম হুসাইন।

দেশের বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।