সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় পাচারের আগেই টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার

Last Updated on 38 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য ট্রলারে তোলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ ওই ব্যক্তিদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১৮ জন নারী, ২৯৫ জন পুরুষ ও চারটি শিশু রয়েছে।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ইছমাম হাসান ফাহিম জানান, বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া উপকূলীয় এলাকা দিয়ে কয়েকশ মানুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রলার থেকে ৩১৭ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি জানান, তাদের মধ্যে ২৬৯ জন বাংলাদেশি পুরুষ, একজন বাংলাদেশি নারী এবং ৪৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

আটক সাতজন হলেন—টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার প্রয়াত আব্দুর রহমানের ছেলে ট্রলারের মাঝি মো. জুবায়ের; হ্নীলা লেদা এলাকার প্রয়াত লোকমান হাকিমের ছেলে মো. ইউসুফ; ভোলার দক্ষিণ আইচা এলাকার মো. ফজলু করিমের ছেলে মো. আব্দুল মান্নান।

এ ছাড়া উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা প্রয়াত মো. ইউনুসের ছেলে ফয়েজ উল্লাহ, প্রয়াত মো. কাছিমের ছেলে মছি উল্লাহ, প্রয়াত আমিন উল্লাহর ছেলে মো. রশিদ এবং ছৈয়দ উল্লাহর ছেলে এনাম উল্লাহকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মো. ফারুক। তিনি জানান, তিন থেকে চার দিন আগে মানবপাচারকারীদের কবলে পড়া ছোট ভাইকে উদ্ধারের উদ্দেশ্যে বাহারছড়া এলাকায় গিয়েছিলেন তিনি। চক্রের সদস্যরা তার ভাইকে ফিরিয়ে দেওয়ার কথা বলে পাহাড়ে নিয়ে যায়। পরে তাকেও আটকে রাখা হয়।

ফারুকের ভাষ্য, দুই দিন পর শনিবার গভীর রাতে ছোট ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি ট্রলারে তুলে দেওয়া হয়। সেখানে ওঠার পর তিনি দুই থেকে তিন শতাধিক মানুষকে দেখতে পান। ট্রলারটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোস্ট গার্ড উদ্ধার না করলে সাগরে ডুবে প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানান তিনি।

কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইছমাম হাসান ফাহিম আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

টেকনাফ ও উখিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকা দীর্ঘদিন ধরেই সমুদ্রপথে মানবপাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দরিদ্র ও অসহায় মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে পাচারকারীরা ফাঁদে ফেলছে। এ ধরনের বিপজ্জনক যাত্রায় অনেকে প্রতারণা, নির্যাতন এমনকি প্রাণহানির শিকার হচ্ছেন।