সময়ের জনমাধ্যম

ম‍্যাচের শেষ শটে তুরস্ক হারাল যুক্তরাষ্ট্রকে

Last Updated on 1 hour by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ম‍্যাচ থেকে খুব বেশি চাওয়া-পাওয়ার ছিল না যুক্তরাষ্ট্রের। প্রথম দুই ম‍্যাচে হেরে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া তুরস্কের চাওয়া ছিল জয় নিয়ে দেশে ফেরা।

ম‍্যাচের শেষ শটে লক্ষ‍্য পূরণ হলো তাদের। বারবার দিক পাল্টানো ম‍্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিল তারা। লস অ‍্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ‘ডি’ গ্রুপের ম‍্যাচে ৩-২ গোলে জিতেছে তুরস্ক।

নয় পরিবর্তন আনা যুক্তরাষ্ট্র এগিয়ে যায় শুরুতেই, ডিফেন্ডার অ‍্যারন ট্রাস্টির গোলে। একটু পরেই আর্দা গিলেরের গোলে সমতা ফেরায় তুরস্ক। বারিস ইলমাজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সেবাস্টিয়ান বারহাল্টার যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান। ম‍্যাচের অন্তিম সময়ে তুরস্ককে তিন পয়েন্ট এনে দেন কান আইহান।

প্রথম দুই ম‍্যাচ জিতে আগেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়দের এই ম‍্যাচে খেলাবেন না আগেই জানিয়েছিলেন কোচ মাওরিসিও পচেত্তিনো। সঙ্গে আরও অনেকগুলো পরিবর্তন আনেন তিনি।

চোট কাটিয়ে এই ম‍্যাচ দিয়ে মাঠে ফিরলেন যুক্তরাষ্ট্রের বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিক। এদিন তেমন কিছু করতে পারেননি তিনি।

আগামী বুধবার শেষ বত্রিশের ম‍্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। অন্তত শেষটা ভালো করার স্মৃতি নিয়ে দেশে ফিরে যাবে তুরস্ক। ৩ পয়েন্ট নিয়ে তারা আসর শেষ করেছে সবার নিচে থেকে।

৪ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে খেলা নিষ্চিত করেছে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে গোল শূন‍্য ড্রয়ের পর ৪ পয়েন্ট নিয়ে সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার অপেক্ষায় প‍্যারাগুয়ে।