সময়ের জনমাধ্যম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

Last Updated on 10 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মিলন-২০২৬-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।

সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের কার্যক্রম শুরু হয়।

এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

উচ্চশিক্ষার গুণগত মান বাড়ানো, কলেজ পর্যায়ে সুশাসন নিশ্চিত করা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে অধ্যক্ষদের দায়িত্ব আরও কার্যকর করা এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা ও পরিবেশের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগাযোগ ও সমন্বয় জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার মান বৃদ্ধি, কলেজ পরিচালনায় স্বচ্ছতা এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।