Last Updated on 6 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। গত আসরেও তাঁকে ঘিরে ছিল আলোচনা।
তবে এবার আইপিএলের মিনি নিলামে নিবন্ধন করেননি এই টাইগার পেসার। কেন নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখলেন মোস্তাফিজ, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত মৌসুমে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি মোস্তাফিজ। নিলামে নাম দিয়েও দল না পাওয়ার আশঙ্কা এবং দেশে সমর্থকদের সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা তাঁকে এবার নিবন্ধন না করার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।
মোস্তাফিজের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, আগেরবারের অভিজ্ঞতা তাঁর মনে এখনও দাগ কেটে আছে। নিলামে অবিক্রীত থেকে গেলে বাংলাদেশের কিছু সমর্থক তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে তাঁকে অর্থের প্রতি অতিরিক্ত আকৃষ্ট বলেও সমালোচনা করা হতে পারে। এসব বিষয় মাথায় রেখেই এবার নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত মৌসুমের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর তাঁকে ছেড়ে দিতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া ওই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
পরবর্তী সময়ে নিরাপত্তার উদ্বেগ জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পায় স্কটল্যান্ড।
আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি দলের হয়ে মাঠে নেমেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। এই টুর্নামেন্টে ৬০ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৬৫।
আইপিএলের নিলামে অংশ না নিলেও অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোস্তাফিজের খেলার সুযোগ রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা আছে। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের এই পেসার।
বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মোস্তাফিজ। পাশাপাশি প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


