সময়ের জনমাধ্যম

প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উৎসব ২০২৬

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 23 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬।

রবিবার (১০ মে) কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ার বলরুমে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে কবিতা, গান আর নাচের তালে তালে মাতোয়ারা হয় প্রবাসীরা। দেশীয় খাবার আর বাহারি পণ্যের পসরা বসিয়ে যেন পরিনত হয় এক টুকরো বাংলাদেশে।

ছবি: জাজিরা নিউজ

সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া-এর কাউন্সিলর (কনসুল্যার) এমডি ফিরোজ রাব্বানী।

ছবি: জাজিরা নিউজ

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিথিকা বিনতে হোসাইন এমপি। অনলাইনে তিনি তার বক্তব্যের শুরুতেই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, কর্মীসহ সকল প্রবাসীদের শ্রদ্ধা ও ভালবাসা জানান।

আজ এক বিশেষ দিবস উল্লেখ করে তিনি বলেন, মা এর প্রতি আমরা দায়িত্ব ও কর্তব্য পালন করি। আমাদের দেশটিও কিন্তু আরেকটি মা এবং আমাদের দেশের জন্য অনেক দায়িত্ব রয়েছে যা আমরা চাইলে পালন করতে পারি।

সংগঠনটির পক্ষ থেকে ইভেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান জানান, প্রবাসে স্মরণকালের এই বৃহৎ জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে একদিকে যেমন প্রবাসেও দেশীয় সংস্কৃতিচর্চা অব্যাহত থাকছে অপরদিকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মধ্যকার একটি অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে যা আমাদের একতার প্রতীক হিসেবে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

ছবি: জাজিরা নিউজ

দূর দূরান্ত থেকে আসা অনেক প্রবাসী কর্মীরাও অনুষ্ঠানটি উপভোগ করেন। তারা বলেন বাংলাদেশী ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে মালয়েশিয়া এই ধরনের অনুষ্ঠান তাদের কর্মময় জীবনের মাঝে বিনোদনের উপলক্ষ্য করে দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, ইজ্জান গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়াম উপদেষ্টা এমডি তোফায়েল আহমেদ, ইয়ুথ হাবের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, বিয়াম উপদেষ্টা পাভেল সারওয়ার, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভাষক ড. মারলিও প্রিয়া, হেড অব ডিপার্টমেন্ট শারমিলা লক্ষ্মী, প্রফেসর ড. জিয়াউল করিম, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন প্রমুখ।

ছবি: জাজিরা নিউজ

অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরন ও শির্ক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে র‍্যাফেল ড্র ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।